কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কোটবাড়ী গন্ধমতি এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হয়েছিল।
সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর আর বাসায় ফেরেনি। এ ঘটনায় ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার নিখোঁজের পর ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনে পাঞ্জাবি ছিল।
আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। থানায় জানিয়েছি।
তিনি আরও লিখেছেন, ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। ফেসবুক আইডি যে ফোনে সেটা বাসায় রেখে গেছে।
এ বিষয়ে ড. নাহিদা বেগম জানান, অপ্রতীম বাসা থেকে বের হওয়ার সময় বাবাকে বলে বের হয়েছে। সে যে বাসা থেকে আইফোন নিয়ে গেছে, তা তিনি জানেন না। এরপর আইফোনও বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা থেকে ফোন দিয়েও তাকে আর পাওয়া যাচ্ছিল না।

