১০১ চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল নয়াদিল্লি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে বলে প্রকাশিত খবর ভারতের নজরে এসেছে। নিজেদের স্বার্থ রক্ষায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

 

সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিক জানতে চান, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনা আমলে ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে। এ বিষয়ে কি বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে কিছু জানানো হয়েছে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা এ বিষয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনো কিছু জানানো হয়নি।স্বাভাবিকভাবেই, ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।”

এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে। এসব চুক্তির মধ্যে দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত বা বিষয় রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এরপর ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন,“এসব স্মারক ও চুক্তি জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ও পর্যালোচনা করা হচ্ছে।”

 

এদিকে, ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,“গঙ্গার পানিবণ্টনসহ পানি-সংক্রান্ত সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের যৌথ নদী কমিশন (জেআরসি) মেকানিজম রয়েছে। পানিবিষয়ক কারিগরি পর্যায়ের বৈঠকগুলো নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.