‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’ জেমসের গানে মাতবে ফ্রান্স প্রবাসীরা

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের জন্য আসছে সংগীত, সংস্কৃতি ও আনন্দে ভরপুর এক বর্ণাঢ্য আয়োজন। আগামী ২ আগস্ট ২০২৬, রোববার প্যারিসের অদূরে সার্সেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। শাহ্ গ্রুপ ও অফিওরার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন বাংলাদেশের জনপ্রিয় রকতারকা ও নগর বাউল ব্যান্ডের কিংবদন্তি কন্ঠশিল্পী জেমস।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের পারিবারিক বিনোদন, পারস্পরিক সম্প্রীতি এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পরিবার ও বন্ধুদের নিয়ে প্রবাসীদের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেমসের কালজয়ী গান, ব্যতিক্রমী কণ্ঠ এবং প্রাণবন্ত মঞ্চ পরিবেশনা সামার ফেস্টের দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা। এছাড়াও সঙ্গীতে থাকছেন “জলের গান” এর জনপ্রিয় কন্ঠশিল্পী রাহুল আনন্দ – বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতের প্রাণের কণ্ঠ, যার গান মুগ্ধ করে সব প্রজন্মকে। তাঁর পাশাপাশি আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। ফলে দিনব্যাপী আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জমজমাট সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

উৎসবটি অনুষ্ঠিত হবে Stade Émile Zola, 17 Rue Émile Zola, 95200 Sarcelles-এ। দুপুর ১২টায় দর্শনার্থীদের জন্য গেট খুলে দেওয়া হবে। অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো।

সংযুক্ত প্রচারপত্রে জানানো হয়েছে, অনুষ্ঠানের টিকিটধারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারের সুযোগ। প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি BMW GT গাড়ি। সংগীতের পাশাপাশি এমন আকর্ষণীয় আয়োজন উৎসবটিকে ঘিরে প্রবাসীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
টিকিট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। আগ্রহীরা সার্সেলসের অফিওরা এবং প্যারিসের আলফা ওমেগা থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। দেশীয় গান, সংস্কৃতি, খাবার ও প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলনমেলায় পরিণত হতে যাওয়া এ উৎসবকে সফল করতে আয়োজকদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

আয়োজকেরা আশা করছেন, ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’ শুধু একটি কনসার্ট নয়, বরং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বন্ধন, পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য উদ্‌যাপনের একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.