ওমান সাগর মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত হবে, ইরানের হুঁশিয়ারি

ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যথায় ‘ওমান সাগর মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত হবে’ বলে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সিনিয়র সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

 

সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

 

প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার-ইন-চিফ ও মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন।

 

তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে পরবর্তী সংঘাতের জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

রবিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে রেজাই বলেন, “আমরা মার্কিন সামরিক বাহিনীকে ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হওয়ার আগেই এই অবরোধ শেষ করার পরামর্শ দিচ্ছি।”

 

রেজাই মার্কিন এই অবরোধকে একটি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেন ও এর মোকাবিলা করা তেহরানের অধিকার বলে উল্লেখ করেন। তিনি বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) ইরানের ওপর এই নৌ-অবরোধ যত দীর্ঘায়িত করবে, বিশ্বজুড়ে দেশগুলোর ক্ষতির পরিমাণ তত বেশি হবে।”

যুদ্ধ অবসানের আলোচনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রেজাই বলেন, “যুক্তরাষ্ট্রকে কাজে-কর্মে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বস্ত।”

 

তিনি আরো বলেন, “এখন আমেরিকাকেই নিজেকে প্রমাণ করতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে এবং একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে।”

গত ১৩ এপ্রিল থেকে মার্কিন এই অবরোধ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তার শর্তানুযায়ী শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

 

অন্যদিকে তেহরানও তাদের অনড় অবস্থান স্পষ্ট করে বলেছে, তারা মার্কিন চাপের কাছে মাথা নত করবে না।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.