দুপুর পর্যন্ত ভোটে ইতিবাচক অংশগ্রহণ দেখেছি : ইইউর পর্যবেক্ষক প্রধান

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আমরা দেশব্যাপী পর্যবেক্ষণ করছি। দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে অনেক ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছি। আশা করি, বিকেল পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর এ কথা বলেন ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান।

ইভার্স ইজাবস বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। সারাদেশে মোতায়েন করা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রতিবেদন, তথ্য পাচ্ছি।

তিনি জানান, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তারা কেবল ভোট পর্যবেক্ষণ করছে।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং আশা করছেন, এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য।

তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব, যেখানে দেখানো হবে এই নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে।

ইভার্স ইজাবস বলেন, ঢাকার একটি সুন্দর ভোটকেন্দ্রে আছি। বিকেল পর্যন্ত আরও অনেক কেন্দ্র পরিদর্শন করব, যাতে তথ্য সংগ্রহ করে একটি বিশ্বাসযোগ্য ফলাফল তৈরি করা যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.