বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান গণমাধ্যমকে জানান, মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামায় তথ্যের অসংগতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তিনি হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী ফরম জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল হয়।

জানা গেছে, বগুড়া-২ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.