বরিশুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বরিশুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের নিয়ে এক মনোমুগ্ধকর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরিশুর আঞ্চলিক উন্নয়ন সমিতির উদ্যোগে ১৬ ডিসেম্বর বরিশুর আঞ্চলিক উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের কোলাহল, রঙ-তুলি আর কাগজের সমারোহে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মহান বিজয় দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় পতাকা, শহীদ মিনার, গ্রামীণ বাংলাদেশসহ নানা বিষয় শিশুদের আঁকা ছবিতে ফুটে ওঠে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের সৃজনশীলতা ও কল্পনাশক্তি উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশুর আঞ্চলিক উন্নয়ন সমিতির সভাপতি হাসমত উল্লাহ নবী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের মধ্যে দেশপ্রেম, ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, বিজয় দিবসকে কেন্দ্র করে শিশুদের সৃজনশীল কাজে যুক্ত করা হলে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে আগ্রহী হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশুর আঞ্চলিক উন্নয়ন সমিতির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদ উল্লাহ ভূঁইয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা সকলেই এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন তিনজন সম্মানিত বিচারক। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার আয়েত হোসেন উজ্জ্বল, বাচিক শিল্পী আসাদ সালমা এবং চারুকলার ছাত্রী নাবিলা। বিচারকরা শিশুদের আঁকা ছবি গভীর মনোযোগ দিয়ে মূল্যায়ন করেন এবং বলেন, অংশগ্রহণকারী শিশুদের মধ্যে অনেক সম্ভাবনাময় প্রতিভা রয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিশুকে উৎসাহ দেওয়ার জন্য সম্মাননা প্রদান করা হয়। অভিভাবকরাও আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সবশেষে আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের সৃজনশীলতা বিকাশে বরিশুর আঞ্চলিক উন্নয়ন সমিতি আগামীতেও এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

অনিন্দ্য আসাদ , বরিশুর , কেরানীগঞ্জ ঢাকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.