প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর পূর্বে, নির্বাচন কমিশন (ইসি) থেকে নাসির উদ্দিন সরাসরি সুপ্রিম কোর্টে আসেন। সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের ব্যাপারে নাসির উদ্দিন বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করেছি। সেজন্য উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা (নির্বাচন সংক্রান্ত) নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি।’

নাসির উদ্দিন বলেন, ‘উনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয় করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন, সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি।’

প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন-এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেক্ট্ররাল ইনকয়েরি কমিটির যে ডেপ্লায়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবেন বলে আশ্বাস্ত করেছেন।‘

এদিকে, এদিন নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনার (ইসি) রহমানেল মাছউদ বলেন, ‘স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে।’

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত। ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দেয়া হয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর তাদের ডাকা হয়েছে।’

এদিকে ইসি জানায়, আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এর আগে, গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জানান নাসির উদ্দিন।

রোববার ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল চলতি সপ্তাহে ঘোষণা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.