৬১ বছরে পা দিলেন শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান  সোমবার ৬১ বছরে পা দিলেন। যদিও তাঁর নিয়মিত মধ্যরাতের ব্যালকনি উপস্থিতি এবার দেখা যায়নি, তবুও মুম্বইয়ের মন্নতের বাইরে সমবেত হাজার হাজার ভক্তকে নিরাশ করেননি তিনি। সুপারস্টার তাঁর অনুরাগীদের জন্য একটি বিশেষ ভাবনার মাধ্যমে জন্মদিনের  শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। মন্নতের বাইরে একটি বিশাল প্রজেক্টরের মাধ্যমে অভিনেতার নিজের হাতে লেখা একটি নোট প্রদর্শন করা হয়, যেখানে তিনি সকলকে ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান। ‘অনেক ভালোবাসা এবং একটা বড় আলিঙ্গন’ লিখে তিনি বার্তাটি শেষ করেন, যা তাঁর জন্মদিন উদযাপনের আমেজকে দ্বিগুণ করে দেয়।

 

এই জমকালো আয়োজনে মন্নতের বাইরের বড় পর্দায় এসআরকে-র আসন্ন ছবি ‘কিং’-এর একঝাঁক দৃশ্যও ফুটিয়ে তোলা হয়। ছবির দুটি আকর্ষক ডায়লগ— “কিং একা কাফি হ্যায়” এবং “ডর নহি, দেহশাত হুঁ”—প্রদর্শিত হয়। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘পাঠান’-এর পর এই ছবির মাধ্যমে ফের একবার অভিনেতা ও পরিচালকের জুটি বড় পর্দায় ফিরছে। তাছাড়া, রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবির পর দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর এটিই হতে চলেছে শাহরুখের প্রথম থিয়েটার রিলিজ। এই সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বাঁধছেন কিং খান।

মুম্বইয়ের  পাশাপাশি বিশ্বজুড়েও জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে অভিনেতার জন্মদিন। দুবাইয়ের বিখ্যাত এবং বিশ্বের দীর্ঘতম ইমারত বুর্জ খলিফায় শাহরুখের জন্মদিনে আলো ঝলমলে প্রদর্শনী দেখা যায়। সেখানে বাদশাহর একটি বিশাল ছবির পাশাপাশি জ্বলজ্বল করে ওঠে ‘উই লাভ ইউ এসআরকে’ বার্তাটি। এর আগে প্রতি বছরই এই দিনে বুর্জ খলিফায় বিশেষ শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে দুবাই ফাউন্টেন শো-তে ‘ওম শান্তি ওম’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র মতো জনপ্রিয় গান বাজিয়ে উৎসবের আমেজ তৈরি করা হয়। অন্যদিকে, বান্দ্রা-ওরলি সি লিঙ্কও শাহরুখ ও তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর সম্মানে বর্ণাঢ্য আলোয় সেজে ওঠে। গভীর রাতে সেখান থেকে গাড়িতে করে ঘুরে এসে সেই বিশেষ মুহূর্তের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেতা নিজেই। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাকে ‘কিং-সাইজ’ ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি জানান যে, বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে তিনি নিজেই গাড়ি নিয়ে বাইরে বেরিয়েছিলেন।

জন্মদিনের এই বিশেষ দিনে অনুরাগীদের আরেকটি বড় উপহার দিয়েছেন অভিনেতা। ২ নভেম্বর ঠিক মধ্যরাতে মুক্তি পেয়েছে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। অরিজিৎ সিংয়ের জাদুকরী কণ্ঠ এবং এড শিরানের ব়্যাপের জাদুতে এই গানে ফের একবার জুটি বেঁধেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই একের পর এক চমকে অনুরাগীদের উন্মাদনা পৌঁছে গিয়েছে এক অন্য উচ্চতায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.