বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তবে তার আগে সকাল থেকে সংসদ এলাকায় জনস্রোত নামে। দুপুর ১টা নাগাদ পুরো সংসদ এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আশপাশ কানায় কানায় ভরে যায়।
বেলা পৌনে ১২টায় গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর সংসদ ভবনে পৌঁছায়। সেখানে তার জানাজার প্রস্তুতির অংশ হিসেবে মরদেহ মঞ্চের সামনে রাখা হয়।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন দেশের ঊর্ধ্বতন প্রতিনিধি, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিচ্ছেন।
এদিকে জানাজা ও দাফনকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

