হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়া যেন বেঁচে থাকেন : হাসনাত 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অতীতে চিকিৎসায় অবহেলা করা হয়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, খালেদা জিয়াকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি।

 

তিনি বলেন, “যার কারণে উনার (খালেদা জিয়ার) এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন। মেডিক্যালি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন উনাকে বাঁচিয়ে রাখেন।”

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, “উনাকে (খালেদা জিয়া) জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি, যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করানো হতো। বিভিন্ন ডাক্তারকে ভয় ভীতি দেখানো হতে উনাকে যারা চিকিৎসা করাতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে।”

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “সবাই দোয়া করবেন উনার জন্য। আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, এই লড়াইয়ের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি দেখে যেতে পারেন।”

 

তিনি আরো বলেন, “দেশের প্রত্যেকটা প্রান্তের প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই উনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।”

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। দেশবাসীসহ সকলের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই।”

 

এর আগে সকাল ১০টা ১০ মিনিটের খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান এনসিপির একটি প্রতিনিধিদল। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.