শেখ হাসিনার বিরুদ্ধে রায় আগামী সপ্তাহে : মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম— বিচারের কাজ শুরু করবো, সেটা করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে, একটা রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। যারা ছাত্র-জনতাকে হত্যার সঙ্গে, গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন, তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।

তিনি আরো বলেন, সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি।

রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি যে, রাজনৈতিক দলগুলো বসে সরকার গৃহীত একটা দলিলে আসতে পারা। সবাই মিলে সর্বসম্মত করেছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা দিল।

মাহফুজ আলম বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই কাজগুলো করতে পারে, তবে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, তেমন একটা বাংলাদেশ হবে, যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম-খুন আর ফেরত আসবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.