মানিকগঞ্জের শিবালয়ে থেমে থাকা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের ভেতরে ঘুমন্ত থাকা চালক দগ্ধ হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে শিবালয়ের ফলসাটিয়া বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
গুরুতর দগ্ধ চালক তাবেজ খানকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সাজার্রি ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধ চালক তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবালয়ের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস পার্কিং করে রাখা ছিল। চালক তাবিজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা ওই বাসে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ চালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ন ইউনিটে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বাসটিতে থাকা চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

