সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা

 

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশন কার্যালয়ে এ চিঠি পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এতথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসিকে অবিলম্বে প্রস্তুতি শুরু করতে হবে।

চিঠিতে বলা হয়, বিগত পনের বছরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত জনগণ যেন এবার মহা-আনন্দের ভোট উৎসবে অংশ নিতে পারে, সে জন্য নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সৌহার্দ্যপূর্ণ করতে হবে। পাশাপাশি যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সরকারের পক্ষ থেকে নির্বাচনের সব পর্যায়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

প্রসঙ্গত, গতকাল জাতির উদেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন। এক দিনের ব্যবধানেই সেই কথার বাস্তবায়ন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.