যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন ওই প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের কথা ছিলো।
শনিবার (১৬ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তবে ভারতীয় বেশ কিছু সূত্র দাবি করেছে, মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ ঘোষণা হতে পারে।
এর আগে মার্কিন প্রতিনিধি দলের ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ভারত সফরে থাকার কথা ছিলো।
মূলত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতেই এই আয়োজন করা হয়েছিলো। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর এই বৈঠকের বিষয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে ভারত।
সবমিলিয়ে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর জেরে মার্কিন বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশটি।

