আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে অভ্যুত্থানের ডাক দেওয়ার হুঁশিয়ারি

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে বলা হয়, কিছু রাজনীতিবিদ, আওয়ামী সিম্প্যাথাইজার ও সুবিধাভোগী মূলধারার কিছু গণমাধ্যমের টেলিভিশন টকশো, সংবাদপত্রে প্রকাশিত কলাম ও জরিপসহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ইনিয়ে-বিনিয়ে নানা মোড়কে নিষিদ্ধঘোষিত, পতিত, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালাচ্ছে।

এতে বলা হয়, মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; তারা একটি ফ্যাসিবাদী শক্তি, গণহত্যাকারী ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন। যারা বিগত দেড় দশকের দীর্ঘ শাসনামলে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড, প্রকাশ্য দিবালোকে ধর্ষণসহ অগণিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বলেন, আওয়ামী লীগ সর্বশেষ জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত, যেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত প্রমাণ এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। সুতরাং বাংলাদেশের মাটিতে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা অন্য যেকোনো নামে হোক না কেন, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, বাংলাদেশের মাটিতে ‘আওয়ামী অধ্যায়’ ’২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্টেই চূড়ান্তভাবে সমাপ্ত হয়েছে। অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ অযোগ্য ও অপ্রাসঙ্গিক। তাই, ইনিয়ে-বিনিয়ে নানা মোড়কে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে সম্মতি উৎপাদনের অর্থ হলো, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়া; যা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী এবং সহস্রাধিক শহিদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো যদি-কিন্তু ছাড়া স্পষ্ট ভাষায় জানাচ্ছে, অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশে যদি সম্মতি উৎপাদনের মাধ্যমে বিভিন্ন কৌশলে ‘আওয়ামী পুনর্বাসন প্রজেক্ট’ বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানপন্থী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.