২ মে ঢাকায় বড় সমাবেশ করবে এনসিপি

আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী ২ মে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ এবং উত্তর মহানগর এটির আয়োজন করবে। এ ছাড়া একই দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) এনসিপির অস্থায়ী কার্যালয়ে চতুর্থ সাধারণ সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আখতার হোসনের সঞ্চালনায় উক্ত সভায় কেন্দ্রীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সংগঠনের সব নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। ‘পলিটিক্যাল কাউন্সিল’ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস পর এই কমিটি অবস্থা বিচারে নবায়ন, পুনর্মুল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

বার্তায় আরো বলা হয়, দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত সাধারণ সভায় গৃহীত হয়। উক্ত টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়।

এ ছাড়া সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়। আগামী ২ মে, এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে একই দাবিতে ঢাকায় একটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.