স্বাস্থ্যের সেই মালেকের ৫ ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আব্দুল মালেকের পাঁচ বছর এবং স্ত্রী নার্গিস বেগমের তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।আজ বুধবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে আসামিদের জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৫০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর জামিনে থাকা নার্গিস বেগম আদালতে হাজির হন। রায় শেষে সাজা তাদের পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি করেন।

মামলাটি তদন্ত করে একই বছরের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন নজরুল ইসলাম।

২০২২ সালের ১১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৩ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন একই আদালত।

এরও আগে ২০২১ সালে ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.