শিক্ষকসংকট, অতিরিক্ত শিক্ষার্থী, জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষায় ভর্তির বাছাই পদ্ধতির প্রতিবাদে ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হচ্ছে। প্রথমে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া এই আন্দোলনে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ চলছে।

৫ অক্টোবর শিক্ষার্থী সংগঠনগুলো ‘যুবসমাজের ১০টি জরুরি দাবি’ শীর্ষক একটি যৌথ প্ল্যাটফর্ম প্রকাশ করে। এতে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ভবন সংস্কার, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং পুলিশি দমন বন্ধের মতো দাবি তুলে ধরা হয়েছে। প্ল্যাটফর্মটি Union Étudiante ও Union Syndicale Lycéenne-এর উদ্যোগে তৈরি হয়েছে। এতে UNEF ও Solidaires Étudiant·es সমর্থন জানিয়েছে।
শিক্ষার্থীদের প্রধান দাবির মধ্যে রয়েছে, জরুরি ভিত্তিতে জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার করা। গরমের সময় শ্রেণিকক্ষ ঠান্ডা রাখা, শীতকালে পর্যাপ্ত উত্তাপের ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার নিশ্চিত করার দাবিও রয়েছে।

শিক্ষকসংকট সমাধানে স্থায়ী শিক্ষক নিয়োগ এবং অনুপস্থিত শিক্ষকদের দ্রুত বদলি দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রতি ৫০০ শিক্ষার্থীর জন্য একজন নার্স, একজন মনোবিজ্ঞানী ও একজন পেশাগত পরামর্শদাতা নিয়োগের দাবি করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তাকারী কর্মীদের জন্য স্থায়ী মর্যাদা এবং ৮০০ অতিরিক্ত পদ সৃষ্টির দাবিও রয়েছে।
দীর্ঘ ও চাপপূর্ণ সময়সূচি নিয়েও শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে। তারা অন্তত ৯০ মিনিটের মধ্যাহ্ন বিরতি, সময়সূচির সংস্কার এবং lycée ও baccalauréat-সংক্রান্ত আগের সংস্কারগুলো পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে Parcoursup ও Mon Master প্ল্যাটফর্মের algorithmic selection বাতিলের দাবি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী সংগঠনগুলো ২০২৭ সালের মধ্যে উচ্চশিক্ষায় ২ লাখ ৫০ হাজার নতুন আসন সৃষ্টির দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, মাধ্যমিক পরীক্ষার সনদ থাকলে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে এবং স্নাতক ডিগ্রি থাকলে মাস্টার্সে পড়ার সুযোগ নিশ্চিত হওয়া উচিত।

জীবনযাত্রার ব্যয় কমানোর জন্য শিক্ষার্থীরা মাসিক বৃত্তি ২০০ ইউরো বাড়ানো, বছরে ১২ মাস বৃত্তি দেওয়া এবং আরও ৩ লাখ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার দাবি করেছে। বিদেশি শিক্ষার্থীদের আবাসন সহায়তা পুনর্বহাল ও বাড়ানো, Crous আবাসনের ভাড়া স্থগিত, পুরনো ছাত্রাবাস সংস্কার এবং ২০২৭ সালের মধ্যে ১৫ হাজার নতুন Crous আবাসন নির্মাণের দাবিও রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেস্তোরাঁয় সবার জন্য ১ ইউরোর খাবার কার্যকর করার দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি extra-European শিক্ষার্থীদের জন্য আলাদা টিউশন ফি নির্ধারণের ‘Bienvenue en France’ নীতি এবং CVEC ফি বাতিলের দাবি করা হয়েছে।
শিক্ষার্থীদের আরও দাবি, lycée পরিচালনা ও নীতিনির্ধারণে তাদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। আন্দোলনে অংশ নেওয়ার কারণে অনুপস্থিতি যেন শাস্তিযোগ্য না হয় এবং বিক্ষোভে পুলিশি সহিংসতার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।
আন্দোলনের মুখে সরকার পাঁচটি বিষয়ে কাজের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর নির্দেশনায় এসব বিষয়ের মধ্যে রয়েছে অনুপস্থিত ও শূন্য শিক্ষকপদ পূরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কার, শিক্ষার্থীদের দৈনিক সময়সূচি পুনর্বিন্যাস, Parcoursup ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং শিক্ষার্থীদের মতামতকে সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করা।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘমেয়াদি অনুপস্থিত শিক্ষকদের বদলি এবং শূন্য পদ পূরণে প্রতিটি একাডেমিতে অগ্রাধিকার দেওয়া হবে। হারিয়ে যাওয়া ক্লাস পুষিয়ে দিতে ছুটির সময়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থাও করা হতে পারে।
ভবন সংস্কারের বিষয়ে সরকার বলছে, lycée ভবন, ক্যান্টিন ও ছাত্রাবাসের প্রধান দায়িত্ব আঞ্চলিক পরিষদের। তবে কেন্দ্রীয় সরকার অঞ্চলগুলোর সঙ্গে সমন্বয় করে জরুরি সংস্কারের তালিকা তৈরি করবে। তাপপ্রবাহ মোকাবিলায় ছায়া, নিরোধক, বায়ু চলাচল ও প্রয়োজন হলে শীতলীকরণের ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
Parcoursup বাতিলের দাবিতে সরকার সম্মতি দেয়নি। বরং ২০২৭ সালের ভর্তি প্রক্রিয়ায় নম্বর, বিষয়, ranking এবং ভর্তির সিদ্ধান্তের কারণ আরও পরিষ্কারভাবে প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। ২ লাখ ৫০ হাজার নতুন আসন সৃষ্টি বা বাছাইহীন ভর্তি ব্যবস্থার বিষয়ে সরকার কোনো নির্দিষ্ট ঘোষণা দেয়নি।
ছাত্রকল্যাণের ক্ষেত্রে সরকার বলছে, ২০২৬ সালের মে থেকে সব শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের রেস্তোরাঁয় ১ ইউরোর খাবার চালু হয়েছে। এ ব্যবস্থা পরিচালনায় Crous-কে ৫০ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে। সরকার আরও জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদ্যমান বৃত্তির পরিমাণ বজায় থাকবে। তবে শিক্ষার্থীদের চাওয়া ২০০ ইউরো বৃদ্ধি, বিদেশি শিক্ষার্থীদের আবাসন সহায়তা পুনর্বহাল এবং Crous ভাড়া স্থগিতের বিষয়ে কোনো সম্মতি দেওয়া হয়নি।
আবাসনের ক্ষেত্রে সরকার AGiLE কর্মসূচির কথা তুলে ধরেছে। এই কর্মসূচির আওতায় ২০৩০ সালের মধ্যে ৭৫ হাজার শিক্ষার্থী-আবাসন নির্মাণের লক্ষ্য রয়েছে; এর মধ্যে ২০২৭ সালের মধ্যে ৪৫ হাজার আবাসন তৈরির কথা বলা হয়েছে। তবে শিক্ষার্থীদের নির্দিষ্ট দাবিগুলোর সঙ্গে সরকারের এই পরিকল্পনার পুরোপুরি মিল নেই।
পুলিশি ব্যবস্থার বিষয়ে সরকার সংলাপের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষোভে ভাঙচুরের ক্ষতিপূরণ আদায়ে ‘casseur-payeur’ আইন এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে সরকার। তবে পুলিশি দমন বন্ধ এবং আন্দোলনে অংশ নেওয়ার কারণে অনুপস্থিতি শাস্তিমুক্ত রাখার দাবি গ্রহণ করা হয়নি।
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয় ২৩ অক্টোবর পর্যন্ত Agora প্ল্যাটফর্মে জাতীয় পরামর্শ চালু করেছে। অক্টোবরের শেষ নাগাদ প্রথম সিদ্ধান্ত, অর্থায়ন ও বাস্তবায়নের সময়সূচি প্রকাশের কথা জানিয়েছে সরকার।
শিক্ষার্থী সংগঠনগুলোর অভিযোগ, সরকারের ঘোষণাগুলো মূলত আলোচনার প্রতিশ্রুতি; তাদের প্রধান কাঠামোগত দাবিগুলো এখনো মেনে নেওয়া হয়নি। ফলে ফ্রান্সের শিক্ষার্থী আন্দোলন আপাতত থামার বদলে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।
প্রচ্ছদ ছবি: France24

