পহেলগাঁও: ‘কেন সেনা ছিল না? ভোট দেব না এদের’!

পহেলগাঁও হত্যাকাণ্ডে প্রাণ গিয়েছে স্বামীর। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্ত্রী। তিনি বলেন, ‘‘কিছুই ছিল না ওখানে। না কোনও সেনা, না কোনও পুলিশ, না কোনও সুযোগসুবিধা!’’ তাঁর প্রশ্ন, কিন্তু যখন ভিআইপিরা বা কোনও বড় নেতা যান, তখন কত কত গাড়ি যায়। হেলিকপ্টার ওড়ে। এগুলোর জন্য কারা টাকা দেয়? আমরা দিই। এই ব্যবস্থা কেন শুধু ভিআইপিদের জন্য? কেন আমাদের জন্য নয়?’’

মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে ২৬ জনের মৃত্যু হয়েছে। ওই নিহতদেরই এক জন গুজরাতের বাসিন্দা শৈলেশ হিম্মতভাই কলথিয়া। বৃহস্পতিবার তাঁর স্ত্রী শীতলবেন বলেন, ‘‘ওখানে নিরাপত্তারক্ষীরা কী করছিলেন? ওই এলাকায় তো অনেক নিরাপত্তারক্ষী ছিলেন। কিন্তু অদ্ভুত ভাবে বৈসরন উপত্যকায় কেউ ছিল না।’’

শৈলেশের শেষকৃত্যে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গুজরাতের বিজেপি সভাপতি সিআর পাতিল। তাঁর সামনে ক্ষোভ উগরে দিয়ে শীতলবেন বলেন, ‘‘আমাদের সরকার যদি শুধু তাদের লোকেদেরই বাঁচাতে চায়, আর ভোট চাইতে আসবেন না। আমরা আর এই সরকারকে ভোট দেব না।’’ তাঁর সংযোজন, ‘‘এই সরকার শুধু বলে যাচ্ছে, আমরা করে দেখাব! কিন্তু এত কিছু ঘটে গেল, তার পরেও কেউ কিছু করছে না।’’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.