ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

রায়ে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচন করা শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়।

ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে (ইশরাক) মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।’

এদিকে, মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার পর ইশরাক হোসেন বলেছেন, ‘ন্যায়বিচার পেয়েছি। মেয়র পদে শপথ নেওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।’

জানা যায়, ডিএসসিসি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন।

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আট জনকে বিবাদী করা হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.