পদপিষ্টের ঘটনা ঘটল মহাকুম্ভে। বুধবার সকালে মৌনী অমাবস্যায় গঙ্গা, যমুনা, সরস্বতীর নদীর সঙ্গমস্থল ত্রিবেণীতে ‘অমৃত স্নান’ সারতে হুড়োহুড়ির সময় দুর্ঘটনাটি ঘটেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অনেকে। আহতদের মেলাপ্রাঙ্গনের হাসপাতালেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার থেকেই সঙ্গমস্থলে শাহি স্নান সারতে দূরদূরান্ত থেকে পূণ্যার্থীরা উপস্থিত হয়েছিলেন। বুধবার সকালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত ভিড়ে আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। এরপরেই পদপিষ্টের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের মেলাপ্রাঙ্গনের হাসপাতালেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, মৃত অবস্থাতেই অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার রাত ২টো নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে খবর প্রশাসন সূত্রে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স রয়েছে। চলছে উদ্ধারকাজ। পদপিষ্টের ঘটনার পরই মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলি।

