পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভূমি দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবির সাত বছরের কারাদণ্ডও দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালার ভেতরে বসানো এক অস্থায়ী আদালতে বিচারক এই রায় ঘোষণা করেন। কারাদণ্ড ছাড়াও ইমরানকে ১০ লাখ পাকিস্তানি রুপি ও তার স্ত্রীকে পাঁচ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়াল জেলে বন্দী আছেন ইমরান খান। এই মামলার রায়কে ঘিরে আদিয়ালা কারাগারে আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রায় ঘোষণার আগে বুশরা বিবিকে আদালত কক্ষ থেকেই গ্রেপ্তার করা হয়।

