সুইজারল্যান্ডে হেনস্তার শিকার আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্তার শিকার হয়েছেন। সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্তার শিকার হওয়ার একটি ভিডিও বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে গণমাধ্যম জানতে পেরেছে, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি সুইজার‌ল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান।

এ সময় দূতাবাসের প্রটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্তাকারী তাকে বিরক্ত করেছেন।

বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্তাকারীরা আওয়ামী লীগের সমর্থক। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন। তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন। এ সময় ভিডিওতে শোনা যায়, আসিফ নজরুল বলছেন, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’। হেনস্তাকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা গেছে।

জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, আইন উপদেষ্টা ব্যক্তিগত কোনো সফরে সুইজার‌ল্যান্ড আসেননি। তিনি আইএলও গভর্নিং বডির মিটিংয়ে এসেছেন। আইএলওতে বাংলাদেশের দুটি মামলা চলছে। সে জন্য উপদেষ্টা এখানে এসেছেন। তিনি আইএলও’র মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। সব আনুষ্ঠানিকতা শেষে জেনেভা সময় বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরার জন্য বিমানবন্দরে প্রবেশের পথে কিছু লোক উপদেষ্টার সঙ্গে বাজে ব্যবহার করেছেন।

প্রসঙ্গত, আইএলও’র গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও অংশ নেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.