ইংলিশ চ্যানেলে অভিবাসী নৌকাডুবি, ছয় শিশুসহ নিহত ১২

সামুদ্রিক পথ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর সময় ফরাসি উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয় শিশু এবং একজন গর্ভবতী মহিলা ছিলেন।

এছাড়া নিহতদের মধ্যে ১০ জনই নারী এবং দুইজন পুরুষ ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউটর অফিস।

স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ফরাসি উপকূলরক্ষীরা জানিয়েছে, বুলানে কেপ গ্রিস-নেজ থেকে ৫০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনাটিকে চলতি বছরের ইংলিশ চ্যানেলে সবচেয়ে মারাত্মক প্রাণহানির ঘটনা বলা হচ্ছে।

 

ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। তা ছাড়া অধিকাংশ যাত্রীর লাইফজ্যাকেট ছিল না। নৌকাডুবির ঘটনায় এখনো দুজন অভিবাসী নিখোঁজ রয়েছেন।

এক সূত্রের বরাতে বিবিসি বলছে, এ ঘটনার সাথে একজন সিরিয়ান পাচারকারী জড়িত থাকতে পারে।

ফ্রান্সের উপকূলীয় শহর বুলানের স্থানীয় প্রসিকিউটর গুইরেক লে ব্রাস জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত সবাই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক। তবে উদ্ধারকারী কর্মকর্তারা অভিবাসীদের নাগরিকত্ব সম্পর্কে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.