বিএনপির সমাবেশে ককটেল ও গুলি ছোড়ার অভিযোগ, আহত ৭

নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় বিএনপি নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ সাতজন আহত হয়েছেন বলে নেতা-কর্মীরা দাবি করেছেন।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। আহতদের মধ্যে শহিদুল ইসলাম বাচ্চুসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। সুত্র, চ্যানেল ২৪ ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.