ফ্রান্সে তৃতীয় দিনের মতো কোটা সংস্কার ও নিরীহ ছাত্র হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত

বাংলাদেশের শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী ছাত্র ও জনতা রবিবার ২১ জুলাই সন্ধ্যায় রিপাবলিক চত্বরে আবারো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয় বারের মতো প্যারিসে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অব্যাহত রেখেছেন ফ্রান্স প্রবাসীরা।
রবিবারের এই সমাবেশটির আয়োজনে ছিলেন “আমরাই বাংলাদেশ, ফ্রান্স” এর পক্ষে সমন্বয়ক এন কে নয়ন ও আইনজীবী আকাশ হেলাল। আজকের সমাবেশ থেকে সরকারের কাছে কোটা সিস্টেমের যৌক্তিক সংস্করণ, যোগ্যতা ভিত্তিক নিয়োগ, যারা মারা গেছেন তাঁদের ন্যায় বিচার সহ নিহত বীর শহীদদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার দাবি জানানো হয়।
এই দাবি গুলো নিয়ে শত শত প্লাকার্ড ফেস্টুন হাতে স্লোগানে কম্পিত হয় প্যারিসের এই মুক্তাঙ্গন।
বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে একতা ও সংহতি প্রকাশের লক্ষ্যে গত ১৮, ২০ ও ২১ জুলাই ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক ও নেশন চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। এতে সংহতি প্রকাশ করে ফ্রান্সে বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেন। আজ রবিবার ও প্রায় সহস্রাধিক মানুষের জমায়েতে হয় রিপাবলিক চত্বরে।
রাকিবুল ইসলাম , শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.