দিনভর সংঘাত ও সহিংসতায় রক্তাক্ত ঢাকা

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সরকারদলীয় কর্মীদের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা জুড়ে। বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন জায়গায় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল জুড়ে চিকিৎসা নিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ, সাধারণ পথচারী-সহ অনেকেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে উত্তরা, মিরপুর, রামপুরা, বাড্ডা, মহাখালী, বাসাবো, ধানমণ্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, যাত্রাবাড়ী, বাসাবোসহ বিভিন্ন এলাকায়।

রাজধানীর রামপুরায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন দিয়ে ও হামলা চালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। সন্ধ্যায় সম্প্রচার বন্ধ হয়ে যায় বিটিভির।

সংঘাত সহিংসতার সময় রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেয়া হয়েছে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে।

সকাল থেকে এই সংঘর্ষে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা শহর।

মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধের কারণে দুপুর থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিবিসি বাংলা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.