প্যারিস, ফ্রান্স, ২৬ জুন, ২০২৪- জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) আজ ২৬ জুন নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে ২০২৩ সালে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংঘটিত নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। জেএমবিএফ ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরের অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ ক্রমাগত পর্যবেক্ষণের ভিত্তিতে বার্ষিক প্রতিবেদনটি প্রস্তুত ও প্রকাশ করেছে।
বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতনঃ ২০২৩ সালে বাংলাদেশ জুড়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে ১৪৮টি ঘটনায় ১৮৪২ জন ব্যক্তি নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নিষ্টুর, অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার হয়েছে, যার মধ্যে ১৩২ টি ঘটনায় ১৭৮৩ জন পুরুষ এবং ১৬ টি ঘটনায় ৫৯ জন মহিলা ক্ষতিগ্রস্থ হয়েছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যেখানে ৭২টি ঘটনায় ১০৫৮ জন এবং দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে ৩০টি ঘটনায় ১৯২ জন ব্যক্তি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া, রাজশাহী বিভাগে ১৩টি ঘটনায় ৮৫জন, খুলনায় ৫টি ঘটনায় ৫০জন, সিলেটে ৭টি ঘটনায় ২২২জন, রংপুরে ৯টি ঘটনায় ৩৯জন, বরিশালে ৮টি ঘটনায় ১৩৮জন, ময়মনসিংহ বিভাগে ৪টি ঘটনায় ৫৮জন বাংলাদেশি বিনা বিচারে হত্যা, শারীরিকভাবে আহত এবং নিষ্টুর, অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার হয়েছে । প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের ১৪৫৩ জন জন নেতা, কর্মী ও সমর্থক ৫১ টি ঘটনায় বিনা বিচারে হত্যা, শারীরিকভাবে আহত এবং নিষ্টুর, অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার হয়েছে। তাছাড়া, ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬জন কর্মী ৫টি ঘটনায় পুলিশের নির্যাতনে শারীরিকভাবে আহত এবং অন্যান্য রাজনৈতিক দলের ২০ জন নেতা কর্মী ও সমর্থক ৬টি ঘটনায় শারীরিকভাবে আহত এবং নিষ্টুর, অমানবিক ও অবমাননাকর আচরণের সম্মুখীন হয়েছে। ২০২৩ সালে আইন শৃংখলা বাহিনীর হাতে রাজনীতিবিদ, কৃষক, গার্মেন্টস শ্রমিক, ছাত্র, ব্যবসায়ী, আইনজীবী ও সাংবাদিক সহিংসতার শিকার হয়েছে।
যার মধ্যে ৬টি ঘটনায় ১০৭ জন গার্মেন্টস শ্রমিক, ৪টি ঘটনায় ৬২জন আইনজীবী, ১৩টি ঘটনায় ৩৩জন সাংবাদিক এবং ১৩টি ঘটনায় ৩২জন রাজনীতিবিদ বিনা বিচারে হত্যা, শারীরিকভাবে আহত এবং নিষ্টুর, অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার হয়েছে । বিচার বহির্ভূত হত্যাঃ ২০২৩ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৩১ টি ঘটনায় ৩৪ জন বাংলাদেশী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যার মধ্যে ৩২ জন পুরুষ এবং ২ জন মহিলা। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৪টি ঘটনায় ১৬ জনের মৃত্যু ঘটেছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগে ১১টি ঘটনায় ১২জন, রাজশাহী বিভাগে ৩টি ঘটনায় ৩জন, সিলেট বিভাগে ২টি ঘটনায় ২জন এবং রংপুর বিভাগে ১টি ঘটনায় ১জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। যাদের মধ্যে ৮টি ঘটনায় ৯ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিনা বিচারে হত্যার শিকার হয়েছে। নির্যাতনঃ ২০২৩ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১০৮ টি ঘটনায় ১৭৮৮ জন ব্যক্তি শারীরিকভাবে আহত হয়েছে এবং ৯টি নিষ্টুর, অমানবিক ও অবমাননাকর আচরণের ঘটনায় ২০ জন ক্ষতিগ্রস্থ হয়েছে। যাদের মধ্যে ১০৩ টি ঘটনায় ১৭৫১জন পুরুষ এবং ১৪টি ঘটনায় ৫৭জন নারী শারীরিকভাবে আহত এবং নিষ্টুর, অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার হয়েছে। সীমিত আইনি আশ্রয়: ২০২৩ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সহিংসতার শিকার ১৪৮টী ঘটনায় ১৮৪২জন ভুক্তভোগীর মধ্যে শুধুমাত্র ১০ জন ভুক্তভোগী বা তাদের পরিবারের সদস্যরা অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে সক্ষম হয়েছে। অবশিষ্ট ১৩৮টি টি ঘটনার ১৮৩২ জন ভুক্তভোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ভীতি ও অন্যান্য বাধার কারণে আইনি পদক্ষেপ গ্রহণে সক্ষম হয়নি। জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সংঘটিত মানবাধিকার লংঘনজনিত সকল ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার মাধ্যমে অপরাধীদের বিচার ও জবাবদিহির সম্মুখীন করতে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সংঘটিত মানবাধিকার লংঘনের উদ্বেগজনক প্রবণতাগুলি নিরসন করার এবং বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানিয়েছে।
সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

