জনগণের আন্দোলন বৃথা যায় না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ সংগ্রাম করে চলছে, জনগণের আন্দোলন বৃথা যায় না।

রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ঈদের দিন এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, পুরো দেশ একটা দুঃসময় পার করছে।

সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব।

বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়েই এ সরকার ক্ষমতায় এসেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে।

খালেদা জিয়া জুলুমের শিকার মন্তব্য করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের রোষানলের শিকার। তাকে বন্দি করে রাখা হয়েছে। কঠিন দুঃসময় পার করছে বিএনপি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.