কেএনএফ সন্দেহে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭

বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটপাটে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতার সন্দেহে নারীসহ আরো সাতজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েছেন। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে গ্রেফতাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস ইমরান।

গ্রেফতাররা হলেন লাইমিপাড়ার বাসিন্দা ভান বিয়াক লিয়ান বম (২৩), রুমা মুনলাইপাড়ার লাল নূন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান বম (৩২), লাল মিন বম (৫০) ও রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভানমুন নোয়াম বম (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটপাটে কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে লাইমিপাড়া থেকে এক নারী ও রুমা মুনলাইপাড়া থেকে ছয়জনসহ সাতজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারদের রুমা থানার আইনের প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেয়া হয়।

এদিকে কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ২২ নারীসহ ৭৮ জনকে রুমা ও থানচির ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় করা নয়টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে এক নারীসহ সাতজনকে রুমা অস্ত্র লুটের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.