মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন

ফরিদপুর জেলাধীন মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ ও দুই শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে পাঁচ সদস্য বিশিষ্ট ‘তদন্ত কমিটি’ গঠন করেছে বিএনপি। গঠিত তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে। এই কমিটির সদস্যরা হলেন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপু।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এ কমিটি গঠন করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সভায় গত ১৮ই এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর জেলাধীন মধুখালীতে একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহোদর দুইজন শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মন্দিরে অগ্নিসংযোগ ও শ্রমিক দুই সহোদর ভাইকে পাশবিক কায়দায় নির্যাতন চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য সভায় দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.