মারা গেছেন সাফজয়ী ফুটবলার রাজিয়া

দেশের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। সন্তান জন্মদানের পরপরই প্রয়াত হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া খাতুন। আজ বৃহস্পতিবার ভোরে পৃথিবীর মায়া ত্যাগ করেন রাজিয়া।

বুধবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ থানাধীন নিজ বাড়িতে পুত্র সন্তানের জন্ম দেন রাজিয়া। প্রসব পরবর্তী জটিলতা দেখা দেওয়ার পর সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটন এ সংবাদে শোক জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মাত্রই শুনলাম। খুব খারাপ লাগছে। রাজিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। খেলতোও দারুণ। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। তার পরিবারকে ধৈর্য্যধারণ করার তৌফিক দিক।’

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে খেলার পাশাপাশি রাজিয়া ছিলেন সাফজয়ী দলের সদস্য। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। রাজিয়া ছিলেন সেই দলের সদস্য্।

এর আগে ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডেও খেলেছিলেন রাজিয়া। সাফ চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার।

২০১৯ সাল পর্যন্ত জাতীয় দলের ক্যাম্প করেন রাজিয়া। সেখান থেকে বাদ পড়লেও চালিয়ে যাচ্ছিলেন খেলা। এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কাচারিপাড়া দুই দলে গত দুই লিগ খেলেছিলেন রাজিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.