চাঁদে যৌথভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়তে চায় দুই মিত্র, শঙ্কিত যুক্তরাষ্ট্র

ঘনিষ্ট মিত্র চীনের সঙ্গে যৌথভাবে চাঁদের মাটিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাশিয়া। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ এ কথা নিশ্চিত করেছেন। ২০৩৫ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। খবর ডয়চে ভেলে।

রসকসমসের প্রধান জানান, তারা চন্দ্রপৃষ্ঠে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাতে চাইছেন। সেখানে শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন করাই তাদের মূল উদ্দেশ্য।

এদিকে, বৈশ্বিক রাজনীতিতে এই মিত্রদেশ দুটির অন্যতম প্রতিপক্ষ শক্তিধর যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ভিন্ন মাত্রার পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়েছে রাশিয়া। সেই অস্ত্র স্যাটেলাইট ধ্বংস করার কাজে ব্যবহার করা হবে। তবে বরিসভ স্পষ্ট জানিয়েছেন, চাঁদের মাটিতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।

এর আগে, ২০২১ সালের জুনে চীন ও রাশিয়া চুক্তি সই করে। সেখানে ঠিক হয়, দুই দেশ একে অপরকে মহাকাশ গবেষণায় সহায়তা করবে এবং যৌথ প্রকল্পে অংশ নেবে। বেইজিং নিজেদের মহাকাশ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই দেশটি মহাকাশে চ্যাং-ই–৬ নামে স্বয়ংক্রিয় যান পাঠাবে। চাঁদের মাটি থেকে পাথরের নমুনা সংগ্রহ করবে এ যান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দীর্ঘদিন ধরে চাঁদে পারমাণবিক শক্তি উৎপাদন নিয়ে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এ জন্য ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.