ইউক্রেনের অধিকৃত অঞ্চলসহ রাশিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হওয়া এই ভোট চলবে আগামী তিন দিন। ইউক্রেনের অধিকৃত অঞ্চলের বাসিন্দারাও এ ভোটে অংশ নিচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ১১টি টাইম জোনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ভোট চলবে। গত মাসে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ভোট কার্যক্রম শুরু হয়। বিদেশে থাকা রুশ জনগণও মেইল বা দূতাবাসের মাধ্যমে এ ভোটে অংশ নিতে পারছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোট আরম্ভের মধ্য দিয়ে নির্বাচন শুরু হয়। স্থানীয় সময় আগামী রোববার রাত ৮টায় পশ্চিমাঞ্চলীয় কালিনিনগ্রাদে ভোট গ্রহণ সম্পন্ন করার মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে।

রাশিয়ায় এই প্রেসিডেন্ট নির্বাচনকে একটি ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছে ইউক্রেন। ভোট শুরুর আগে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, এই ভোট প্রমাণ করবে, ইউক্রেনে পুতিনের আক্রমণের সিদ্ধান্তের পেছনে পুরো দেশের সমর্থন রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে জয়ী হলে পঞ্চমবারের মতো রুশ প্রেসিডেন্ট হবেন তিনি এবং সেক্ষেত্রে তাঁর ক্ষমতার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়বে।

ভোট শুরুর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেন, ‘আমি নিশ্চিত, আপনারা বুঝতে পারছেন যে আমাদের দেশ কী কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা প্রায় সব ক্ষেত্রেই কী জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’

এবারের নির্বাচনে পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েজন প্রার্থী। তাঁরা হচ্ছেন- ডানপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) প্রধান লিওনিড স্লুটস্কি, কমিউনিস্ট প্রার্থী নিকোলে খারিতোনভ এবং উদার মধ্যপন্থী নিউ পিপলের প্রতিনিধিত্বকারী ভ্লাদিস্লাভ দাভানকভ।

রাশিয়ার নির্বাচন কমিশনে তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ড এবং ইউক্রেনের রুশ ভূখণ্ড দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া, খেরসন এবং ক্রিমিয়া মিলে এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ২৩ লাখ। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী রুশ নাগরিকদের মধ্যে ভোটার রয়েছেন ১৯ লাখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.