অগ্নিকাণ্ড রোধে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরো সতর্ক হওয়া উচিত : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনা রোধে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার মনে হয়, রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরো বেশি সতর্ক হওয়া উচিত। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেল, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি মনে করি, এর বিরুদ্ধে অভিযান চলা উচিত এবং চলবে।

এ সময় হাসপাতালে সব ধরনের অনিয়ম বন্ধে স্বাস্থ্য অধিদফতরের অভিযান চলবে জানিয়ে তিনি বলেন, অতীতে কী হয়েছে সেগুলো মনে রাখা যাবে না। ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না। অভিযান লাগাতার চলবে।

মন্ত্রী বলেন, আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না। হাসপাতাল থাকবে, সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। কিন্তু সে হাসপাতালগুলোকে নিয়ম মেনে যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো মেনে চলতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে রমনা থানা পুলিশ মামলা করেছে। ওই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.