ফখরুল-খসরুর সঙ্গে গয়েশ্বর ও মঈন খানের সাক্ষাৎ

সাড়ে তিন মাস পর কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান। শুক্রবার তার গুলশানের বাসায় গয়েশ্বর ও বৃহস্পতিবার রাতে মঈন খান সাক্ষাৎ করেন।

গত ২৯ অক্টোবর গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিবকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ ১১টি মামলায় আসামি করা হয় মির্জা ফখরুলকে। এসব মামলায় আদালত জামিন দিলে বৃহস্পতিবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। মুক্ত হয়ে কারাগারের প্রধান ফটকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিএনপি মহাসচিব। সেখান থেকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।

এদিকে শুক্রবার বিকালে বনানীর বাসায় কারামুক্ত দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান। জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কারামুক্ত হয়েছেন। শারীরিক খোঁজ নিতে তাদের বাসায় গিয়েছিলাম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.