সরকার দেশকে একঘরে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা বলেছেন, ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার বাংলাদেশকে বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে অর্বাচীনে পরিণত করেছে। তারা দেশকে একঘরে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে পদযাত্রাপূর্ব বক্তব্যে নেতারা এসব কথা বলেন। নগরীর পুরানা পল্টন মোড় থেকে গুলিস্তান হয়ে নবাবপুর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ কমিটি কর্তৃক পদযাত্রার আয়োজন করা হয়।

নেতারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকার আন্তর্জাতিক পর্যায়ে কোথাও মর্যাদাপূর্ণ স্বাধীন অবস্থান গ্রহণ করতে পারছে না। অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার সমর্থন জোগাড় করতে গিয়ে সরকার দেশের মর্যাদা ধুলায় বিসর্জন দিয়েছে। তাই সরকারের হাত থেকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করা জরুরি।

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন, জেলা কমিটির সদস্য হযরত আলী, সূত্রাপুর থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ সাহা প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের পক্ষ থেকে অতীতের মতোই একটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেনে আনার সব ধরনের প্রচেষ্টা চলমান আছে। তাতে ব্যর্থ হলে ক্ষমতাসীন গোষ্ঠী যত বেশি সম্ভব রাজনৈতিক দল ও শক্তিকে নির্বাচনে নিতে চায়। এই প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি বিভিন্ন ভুঁইফোড় দল, সাম্প্রদায়িক গোষ্ঠী, এমনকি জামায়াতকে নিয়েও রাষ্ট্রশক্তির নানান তৎপরতা চোখে পড়ছে।

তারা আরও বলেন, সিপিবিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, নির্যাতনের মাধ্যমে আন্দোলন দমনের অপচেষ্টা করছে সরকার। রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সব জুলুম-নির্যাতন মোকাবিলা করে দাবি আদায় করতে হবে। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের দাবি আদায়ের মধ্য দিয়ে সরকারের সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ অন্যান্য গণদাবিতে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষিত কর্মসূচি হিসেবে আগামী ১ সেপ্টেম্বর খিলগাঁও রেলগেট থেকে তালতলা হয়ে মালিবাগ রেলগেট, ৮ সেপ্টেম্বর রাজধানী সুপার মার্কেট থেকে নারিন্দা হয়ে ধোলাইখাল এবং ২২ সেপ্টেম্বর লালবাগ সেকশন থেকে আজিমপুর হয়ে নিউমার্কেট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.