সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবো :মির্জা ফখরুল

সরকারের পতন ঘটিয়ে রাজপথ ছাড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, সরকারবিরোধী একদফার আন্দোলন অনেকদূর এগিয়েছে। সামনের দিনের আন্দোলন আরও কঠোর হবে। নতুন নতুন কর্মসূচি আসবে। ঘোষণা অনুযায়ী রাজপথেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকার যতো বেশি বাধা, হামলা ও মামলা দেবে- চলমান আন্দোলন তত গতিশীল হবে। দাবি না মানা পর্যন্ত ক্ষমতাসীনদেরকে রাজপথেই ফয়সালা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। গতকাল রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, দেশে নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান সরকারের পতন ঘটানো হবে।

জনগণের দাবি মানতে বাধ্য করা হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে।

 

সোমবার বিকালে সোহ্রাওয়ার্দী উদ্যানের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত দুইদিনে বিএনপি’র গুগলিতে আওয়ামী লীগ বোল্ডআউট হয়ে গেছে। তারা বুঝতেই পারেনি কোনদিক দিয়ে বল এসেছে। অবৈধ সরকারের পুলিশ আমাদের ২৭শে জুলাই মহাসমাবেশ করতে দেয়নি। আমরা পরদিন করলাম। সেখানে প্রতিকূল পরিবেশেও টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ জমায়েত হয়েছিলেন। তাদের বার্তা ছিল- এই মুহূর্তে গদি ছাড়ো। আমাদের ছোট ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতেও সরকার ভয় পেয়েছে।
তিনি বলেন, আমরা অবরোধ হরতাল কিছু দেইনি। তাতেই সরকারি দলের নেতারা ভীত হয়ে গেছেন। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুণ্ডা বাহিনী, হাজার হাজার পুলিশ দিয়ে নিরস্ত্র মানুষের ওপর গুলি করেছে, নির্যাতন করেছে। তারা যুদ্ধের সাজে সাঁজোয়া যান নিয়ে নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করেছে।

সরকার বিদেশ থেকে ভাড়া করে লোক আনছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই সরকারের দেশে-বিদেশে সমর্থন নেই। কয়েকটা লোককে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসেছে। তার মধ্যে একেবারে আমেরিকার লোক। উনি নাকি কোন ফোরামের। সে আবার ইলেকশন কমিশনে গিয়ে বক্তৃতা করে, প্রেসকে বলে যে, এখানে কেয়ারটেকার গভর্মেন্ট সিস্টেম চলবে না। বাহ্ রে বাহ্! তুমি কে ভাই। হু আর ইউ। ওকে কেউ চিনেই না। ওকে এরা নিয়ে এসেছে, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে। এটা গতবারও নিয়ে এসেছিল। ওদের যে একটা ফোরাম আছে সেই ফোরামের যে প্রধান কি আবেদ আলী। তাকে এদেশের মানুষ কেউ চিনে না।

দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে নিয়ে সরকার নাটক সাজানোর চেষ্টা করেছে অভিযোগ করে ফখরুল বলেন, গয়েশ্বর চন্দ্র রায় একজন সিনিয়র রাজনীতিবিদ। তাকে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করা হয়েছে। আমান উল্লাহ আমানের ওপর হামলা হয়েছে। এরপরে যে চিত্রনাট্য করা হয়েছে, গল্প তৈরি করে আবার সেসব ভিডিও করা হয়েছে। এতে এরা দু’জন ছোট হয়নি, তোমরাই (আওয়ামী লীগ) ছোট হয়েছো। সরকারের পায়ের নিচে মাটি নেই দাবি করে ফখরুল বলেন,  এদের দেশে-বিদেশে কোনো সমর্থন নেই। তাই পরিষ্কারভাবে বলতে চাই- দুইবার জনগণকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জোর করে ক্ষমতা দখল করেছে। এবার আর সেই সুযোগ দেয়া হবে না। এদেশে নির্বাচন হবে। সেটা নির্দলীয় সরকারের অধীনে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের একদফা এক দাবি। সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। আগের মতো আর হবে না। বারবার ঘুঘু ধান খেয়ে যাবে তা হবে না।
সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এখনো সময় আছে আমাদের দাবির বিষয়ে চিন্তা-ভাবনা করুন। জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করতে চাই। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।

ফখরুল বলেন, সরকার এত ভীত যে, গত কয়েকদিনে ১ হাজার ২০০ লোককে গ্রেপ্তার করেছে। গত রাতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। গত ১৫ বছর এমন করে কি আটকাতে পেরেছে? গ্রেপ্তার করে এবার লাভ হবে না।
আবারো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত।’
গতকাল বিএনপি’র জনসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হয়নি। নতুন কর্মসূচির বিষয়ে ফখরুল বলেন, সমমনা দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

সমাবেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর কী নির্যাতন করা হয়েছে। তাকে সাপের মতো পেটানো হয়েছে। সাপকেও এভাবে মারা হয় না। এরপর অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আইয়ুব খান-ইয়াহিয়া খানের স্বৈরশাসন দেখেছি। কিন্তু এই সরকার যেভাবে শাসন করছে সেটা কখনো দেখিনি।

সরকারকে উদেশ্য করে তিনি বলেন, আমরা কি বাংলাদেশটা আওয়ামী লীগকে ইজারা দিয়েছি নাকি? আওয়ামী লীগের পতন অবশ্যম্ভাবী। অত্যাচার-নির্যাতন করে তারা টিকে থাকতে পারবে না। আজকে জেলখানায় আমাদের নেতাকর্মীরা অসুস্থ। আরও নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে। তাদের কোথায় রাখবেন?  যত অত্যাচার করেন না কেন, আন্দোলন চলবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।

স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সত্যিকারের চরিত্র আবারো জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। কারণ এরা একদলীয় সরকার। এজন্যই কাউকে কথা বলতে দেয়া হয় না। মিডিয়াকে কিছুই লিখতে দেয় না। এরাই অতীতে বাকশাল কায়েম করেছিল। আজকে আবার বাকশাল কায়েম করেছে। এরা হচ্ছে লগি-বৈঠা ও ধোঁকাবাজির সরকার। মানবাধিকার লঙ্ঘনকারী সরকার। সংবিধান লঙ্ঘনের সরকার। মামলা-হামলার সরকার। মুখে বলে গণতন্ত্র আর দেশে স্বৈরাচার কায়েম করেছে। সুতরাং এরা গদিতে থাকতে পারে না।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে এবং চলবে। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা আমাদের আন্দোলন কর্মসূচিতে বাধা দেবেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ কিন্তু বসে থাকবে না। সভাপতির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ ক্যাডাররা নিজেরাই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করলো, বাসে আগুন দিলো আর আমাদের বিরুদ্ধেই মামলা দেয়া হয়েছে! এই হলো আওয়ামী লীগ! ওরা কুড়াল নিয়ে আসলো সেটা নিয়ে পুলিশ কিছু বললো না? এখন তারেক রহমানের বক্তব্য শুনে আওয়ামী লীগের মাথা খারাপ। এই সরকারের সঙ্গে চোর ডাকাত ও লুটেরা ছাড়া কেউ নেই।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, মহাসচিবকে বলছি, কর্মসূচি দিন। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করলাম। অতত্রব আপস নয়। জুতা মেরে গরু দান। ফল পাঠান। আমি ঘুমিয়ে আছি, দেখি এই অবস্থা। কিন্তু নাটক করে লাভ নেই। এই সরকারকে যেতেই হবে। সুতরাং সিনিয়র নেতারা মাঠে নামুন। প্রয়োজনে রাস্তায় জীবন দেবো।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রফিকুল ইসলাম, কামরুজ্জামান রতন, নাসির উদ্দিন অসীম, রকিবুল ইসলাম বকুল, মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, মহিলা দলের আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, ড্যাবের অধ্যাপক হারুন আল রশিদ, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, মৎস্যজীবী দলের আবদুর রহিম, জাসাসের জাকির হোসেন রোকন, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ। অঙ্গ সংগঠনের নেতারাও বক্তব্য দেন। সমাবেশে আফরোজা আব্বাস, তাবিথ আউয়াল, ইশরাক হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ উপলক্ষে সোহ্রাওয়ার্দী উদ্যানের দুই গেটে ও রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, মৎস্যভবন, শাহবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাখা হয় সাঁজোয়া যান, জলকামানের গাড়িসহ প্রিজন ভ্যান।

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.