নিখোঁজ ছাত্রদল নেতাকে খুঁজতে গিয়ে আটক ৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে তার খোঁজে সহকর্মীরা তার আজিমপুরের বাসায় গেলে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পাঁচজনকে আটক করে নিয়ে যায় বলে বিএনপির মিডিয়া সেল এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছে।

জিসানকে খুঁজতে গিয়ে ‘আটক’ হওয়া পাঁচজন হলেন—কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবর।

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিবৃতিতে রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোন নেতাকর্মীকে বেআইনিভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে।

আটকের পর অস্বীকারের ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার কৌশল উল্লেখ করে রিজভী আরও বলেন, ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানান রিজভী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.