কাল ঢাকায় মহাসমাবেশ অনুমতি মেলেনি ডিএমপির ।। আলোচনায় নানা কর্মসূচি, পরিস্থিতি বুঝে ঘোষণা ।। নেতাকর্মীদের আজকের মধ্যে ঢাকায় প্রবেশের নির্দেশ
সরকার পতনে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপিসহ সমমনা ৩৭ রাজনৈতিক দল। যুগপৎ এ মহাসমাবেশ হবে রাজধানীর ১১ স্থানে। এ মহাসমাবেশ থেকে রাজধানীমুখী নতুন কর্মসূচির ঘোষণাও আসবে। এর মধ্যে ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাও এবং রাজধানীর বিভিন্ন স্থানে একই দিনে সভা-সমাবেশ করার মতো কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। তবে গতকাল পর্যন্ত কোনো কর্মসূচিই চূড়ান্ত হয়নি।
এদিকে মহাসমাবেশ সফল করতে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায়।
বিএনপির আশঙ্কা- মহাসমাবেশে আসার পথে নেতাকর্মীরা বাধার মুখে পড়তে পারেন। এমন আশঙ্কার কারণে দূরের এলাকা থেকে অনেক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন; অনেকে রওনা হয়েছেন। এখনো যারা আসেননি, তাদের আজ বুধবারের মধ্যে ঢাকায় পৌঁছাতে সারাদেশে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন।
গতকাল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে বক্তব্য রেখেছেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আমাদের সময়কে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও গণতন্ত্রপ্রিয় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তার এ আহ্বান নেতাকর্মীদের মধ্যে আন্দোলন সফল করতে টনিক হিসেবে কাজ করছে।’
ক্ষমতাসীনদের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বিএনপির মহাসমাবেশের পর দিন (২৮ জুলাই) বিভাগীয় শহরে মিছিল, ৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
কর্মসূচির বিষয়ে দলগুলোর নেতারা বলছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো এক কাতারে আসার চেষ্টা করছে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হলো- গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে তারা রাজধানীকে লাগাতার কর্মসূচির মধ্যে রাখতে চায়। যদিও বিএনপিকে গতকাল রাত পর্যন্ত মহাসমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।
এ অবস্থার মাঝে গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্য নিয়ে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওবায়দুল কাদের সাহেব (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) একটা সভায় বলেছেন, বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য সীমান্তে অস্ত্র জড়ো করছে। কী ভয়ংকর কথা! যখন জনগণ জেগে উঠছে, যখন জনগণ তাদের চূড়ান্ত আন্দোলন শুরু করেছে, ঠিক সেই সময়ে মহাসমাবেশ রুখে দিতে এসব কথা বলে তারা নতুন একটা চক্রান্ত শুরু করেছে। একটা ষড়যন্ত্র শুরু করার পাঁয়তারা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই- এসব কথা বলে আপনারা যদি আবার জনগণের ওপর অস্ত্র ব্যবহার করেন, তার সব দায়দায়িত্ব আপনাদের বহন করতে হবে এবং জনগণ তার উত্তর দেবে।’
এদিকে রাজধানীর মহাসমাবেশ ইস্যুতে গত সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একটি ভার্চুয়াল সভা হয়। সভায় নেতারা শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে মত দেন। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এক নেতা বলেন, মহাসমাবেশের দিন সরকারের আচরণ দেখে কর্মসূচি ঘোষণা করা হবে। তবে মহাসমাবেশ থেকে টানা কর্মসূচির ঘোষণার আভাস পাওয়া যাচ্ছে।
বিএনপির এক কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, মহাসমাবেশের পরও কয়েক দিন কেন্দ্রীয় নেতাদের ঢাকায় থাকতে হতে পারে। অর্থাৎ মহাসমাবেশের পরও টানা কয়েক দিন সমাবেশ করতে পারে বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘২৭ জুলাই ঢাকার মহাসমাবেশে নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে হামলা-মামলাবাজ, গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী সরকার পতনের একদফা আন্দোলন সফল করবে।’
গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, লড়াইটা খুব পরিষ্কার। এই লড়াইয়ে শাসকরা ভয় দেখাতে চাচ্ছেন। ২৭ তারিখ সব বিরোধী দল রাজপথে নামবে, সমাবেশ-মহাসমাবেশ-মহাজাগরণ হবে। আমরা জনগণকে বলি- ২৭ তারিখ হচ্ছে জনতার মুক্তির সমাবেশ। কাজেই সব ভয় উপেক্ষা করে রাজপথ দখল নিন।
পুলিশের অনুরোধে সাড়া দেয়নি বিএনপি, সমাবেশ ২৭ জুলাই
গত সোমবার মহাসমাবেশের অনুমতি চাইতে গেলে বিএনপিকে মহাসমাবেশের তারিখ পরিবর্তনের অনুরোধ জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে বিএনপি জানায়, তারা সমাবেশ ২৭ জুলাই করবে। বিষয়টি নিয়ে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়। বৈঠক সূত্র জানায়, ২৯ জুলাই আশুরার তাজিয়া মিছিল কেন্দ্র করে পুলিশের পূর্বপ্রস্তুতির বিষয় তুলে ধরে বিএনপিকে সমাবেশ পেছানোর অনুরোধ করা হয়। তবে স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়েছে, ২৭ জুলাই তারা সমাবেশ করবে। নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যে কোনো একটি স্থান দিলে তাদের আপত্তি থাকবে না। বৈঠক সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপি সমাবেশের আয়োজক থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার অসুস্থ থাকায় এতে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।
মহাসমাবেশ বিষয়ে গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন আমাদের সময়কে বলেন, এখন পর্যন্ত অনুমতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি- এতটুকুই আমি জানি।
ঢাকায় আসছেন নেতাকর্মীরা
দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অনেক জেলা থেকে খ- খ- হয়ে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। গতকাল বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুড়িগ্রাম, রাজশাহী ও ফেনী এলাকার কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হয়। তারা সবাই সমাবেশ উপলক্ষে ঢাকায় এসেছেন। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন ও রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত বলেন, নেতাকর্মীদের একটি অংশ ঢাকায় চলে এসেছেন। বাকিরা আজকের (বুধবার) মধ্যে আসবেন।
২৭ জুলাই সমাবেশ করবে ইসলামী আন্দোলনও
ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তরগেটে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী আন্দোলন।
অনুমতি চাইল জামায়াত
আগামী ১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে গতকাল ডিএমপির কাছে অনুমতি চেয়েছে জামায়াতে ইসলামী। দলটি জাতীয় বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে সমাবেশের অনুমতি চেয়েছে। এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে তারা। গতকাল বিকালে দলের কয়েক নেতা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের দপ্তরে এসে আবেদন জমা দেন।
ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী ও অতিরিক্ত উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা বলেন, জামায়াতে ইসলামীর আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সুত্র, আমাদের সময় ।

