যে কারণে কারাগার থেকে এক জোড়া ঘুঘু পাঠিয়েছিলেন জাহাঙ্গীর

জেলখানাতেই ১৭ বছর ধরে আছেন জাহাঙ্গীর আলম। এর মধ্যে প্রায় ১৫ বছরই কেটেছে জেলখানার কনডেমড সেলে ফাঁসির আসামিদের সঙ্গে। তিনিও ফাঁসির আসামি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেলে যান। ফলে আর বাড়ি ফিরতে পারেননি তিনি। তবে নিম্ন আদালতে ফাঁসির রায় হওয়ার পর জেলখানা থেকে এক জোড়া ঘুঘু পাঠিয়েছিলেন জাহাঙ্গীর। বলেছিলেন, বাড়িতে পুষতে।

জাহাঙ্গীরের ইচ্ছে অনুযায়ী, ঘুঘু জোড়া বাড়িতে খাঁচায় রাখা হয়েছে। ঘুঘু দম্পতি খাঁচায় ডিমও দিয়েছিল। কিন্তু তা টেকেনি। খাঁচা থেকে পড়ে ভেঙে যায়। জেলাখানায় বন্দী জাহাঙ্গীরও এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। ফাঁসিতে ঝুলতেই হচ্ছে তাকে। অধ্যাপক ড. তাহের আহমেদ হত্যা মামলার রায় বাস্তবায়নে আজ রাতের মধ্যেই জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ।

শিক্ষকদের আবাসিক এলাকার পশ্চিম-২৩/বি বাসায় থাকতেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ। বাসাটিতে তিনি একাই থাকতেন। পরিবারের অন্য সদস্যরা থাকতেন ঢাকায়। আর ওই বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী খোজাপুর মধ্যপাড়ার আজিম উদ্দিন মুন্সির ছেলে জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর তখন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ২০০৬ সালের পহেলা ফেব্রুয়ারি ওই বাসা থেকে নিখোঁজ হন ড. তাহের। একদিন পর ২ ফেব্রুয়ারি তার বাসার পেছনের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহের আহমেদের মরদেহ। ৩ ফেব্রুয়ারি তার ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

তবে ড. তাহের আহমেদ নিখোঁজের দিনই জাহাঙ্গীর আলমকে সন্দেহভাজন হিসেবে আটক করে মতিহার থানা পুলিশ। মরদেহ উদ্ধারের তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর একই বিভাগের সহযোগী অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী, জাহাঙ্গীরের বাবা আজিম উদ্দিন মুন্সি, ভাই নাজমুল আলম ও নাজমুলের স্ত্রীর ভাই আব্দুস সালামসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এরপর ৫ ফেব্রুয়ারি মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৭ সালের ১৭ মার্চ শিবির নেতা মাহবুব আলম সালেহীসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন পুলিশ। এ হত্যা মামলার বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালতের বিচারক চারজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেন।

দণ্ডিতরা হলেন- বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. মহিউদ্দিন, জাহাঙ্গীর আলম, তার ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর ভাই আব্দুস সালাম। তবে বিচারে খালাস পান রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও আজিমুদ্দিন মুন্সি।

ফাঁসির রায় হওয়ার পরপরই ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমকে জেলখানার কনডেমড সেলে নেওয়া হয়। পরবর্তী সময়ে দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করেন। আপিল বিভাগ মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের রায় বহাল রাখলেও আসামি নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর ভাই আব্দুস সালামের রায় কমিয়ে যাবজ্জীবন করেন। তবে আপিলে সাজা কমে যাবজ্জীবন হওয়া দুই আসামির দণ্ড বৃদ্ধি চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ২০২২ সালের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়ই বহাল রাখেন ।

ড. মিয়া মহিউদ্দিনের স্ত্রী ইসরাত রহমান দৈনিক আমাদের সময়কে জানিয়েছেন, ২০০৬ সালের ফেব্রুয়ারিতে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল মহিউদ্দিনকে। ওই বছরেরই ডিসেম্বরে একবার জামিনে বেরিয়েছিলেন তিনি। এক বছরের মাথায় তাকে আবার আদালতের নির্দেশে জেলখানায় পাঠানো হয়। এরপর আর জামিন পাননি ড. মিয়া মহিউদ্দিন।

জাহাঙ্গীরের ছোটভাই মিজানুর রহমান জানান, জাহাঙ্গীর ২০০৬ সালে দশম শ্রেণিতে পড়তেন। ২০০৭ সালে তিনি কারাগারে থেকেই এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। জাহাঙ্গীর আটকের পর কখনো জামিন পাননি। এ কারণে তিনি আর বাড়িতে ফেরার সুযোগ পাননি। ২০০৮ সালে ফাঁসির রায়ের পর থেকে তাকে কনডেমড সেলে রাখা হয়ছিল। জাহাঙ্গীর ছিলেন ১৪নং সেলে আর মিয়া মহিউদ্দিন ছিলেন ১০ নম্বর সেলে।

জাহাঙ্গীরের বাড়ি মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ায় গিয়ে দেখা যায়, অসুস্থ বাবা আজিম উদ্দিন মুন্সি এখন শয্যাশায়ী। বারান্দার একপাশে মেঝেতে তাকে শুইয়ে রাখা হয়েছে। নিজে চলাফেরার শক্তি হারিয়েছেন তিনি। ড. তাহের হত্যা মামলায় তিনিও ছেলের সঙ্গে ৬ মাস জেলে ছিলেন। নিম্ন আদালতের রায়ে খালাস পেয়েছিলেন আজিম উদ্দিন।

জাহাঙ্গীরের মা মারা গেছেন কয়েক মাস আগে। বাড়ির বাউন্ডারি ওয়ালও ঠিকমতো নেই। বারান্দার আরেকপাশে চৌকিতে বিছানা পাতানো। বিছানার পাশেই রাখা দুটি খাঁচাতে দুই জোড়া ঘুঘু। খাঁচায় বন্দী ঘুঘু দম্পতি ঝিমাচ্ছে।

 

জাহাঙ্গীরের ভাই নজরুল জানান, কয়েক মাস আগে পরিবারের লোকজন জেলখানায় গিয়েছিল জাহাঙ্গীরকে দেখতে। ওই সময় জাহাঙ্গীর জেলখানা থেকেই এক জোড়া ঘুঘু দিয়েছিলেন। ঘুঘু জোড়া বাড়ি পুষতে বলেছিলেন তিনি।

তার ইচ্ছে অনুযায়ী, ঘুঘু জোড়া এখনো বাসা খাঁচাবন্দী করে রাখা আছে। জেলাখানার ভেতরে গাছপালা আছে। ঘুঘুজোড়া তিনি জেলখানাতে ধরেছিলেন। জাহাঙ্গীর বলেছিল, ‘আমি যখন থাকব না, তখন এই ঘুঘু জোড়া থাকবে বাড়িতে। ‘

নজরুলের স্ত্রী (জাহাঙ্গীরের ভাবী) বলেন, ‘জাহাঙ্গীরের পাঠানো ঘুঘ জোড়া বাড়িতে রেখে আরও এক জোড়া ঘুঘু আমরা ধরেছি। এখন দুই জোড়া ঘুঘু আছে।’

জাহাঙ্গীরের ভাই মিজানুর রহমান বলেন, ‘কারা কর্তৃপক্ষের ডাকে আমরা মঙ্গলবার পরিবারের ৪০ জন সদস্য জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেছি। সিনিয়র জেল সুপারকে বলেছি, ফাঁসি কার্যকরের আগে আরেকবার যেন দেখার সুযোগ দেওয়া হয়। আশা করছি, জাহাঙ্গীরের সঙ্গে আরেকবার অন্তত দেখা হবে। তখন তাকে জিজ্ঞেস করব- তার মৃত্যু হলে ঘুঘু জোড়া কী করব?’

আইনি সকল প্রক্রিয়া শেষে মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে আটজন জল্লাদ নির্বাচন করা হয়েছে। আজকে রাতে ফাঁসি কার্যকর হতে পারে। সুত্র, আমাদের সময় ।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.