হোটেল-বাসাবাড়িতে রাতভর অভিযান, বিএনপির কয়েকশ’ নেতাকর্মী আটক

বিএনপির শুক্রবারের মহাসমাবেশকে ঘিরে রাজধানীতে চলছে পুলিশের গ্রেপ্তার ও তল্লাশি অভিযান। বুধবার রাতভর রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে। নয়াপল্টনের মিডওয়ে আবাসিক হোটেল থেকেই অন্তত দেড়শ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকার পার্শ্ববর্তী দুই জেলা নারায়ণগঞ্জ ও সাভারেও ধরপাকড় হয়েছে। এছাড়া মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।

এদিকে পুলিশের গ্রেপ্তার ও তল্লাশি অভিযানে  বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল দিনভর নয়াপল্টন এলাকা সরগরম থাকলেও বিকাল থেকে ফাঁকা হয়ে যায়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা দলের নেতাকর্মীরা নিরাপদ অবস্থানে চলে যান।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হচ্ছে। রাজধানীর ৫০টি থানা এলাকায় এ অভিযান চলছে। তবে কত সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য বলেনি পুলিশ।

ওদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালসহ ১৫৫ নেতাকর্মীকে হোটেল মিডওয়ে (নয়াপল্টন) থেকে রাতে তুলে নিয়ে গেছে পুলিশ।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.