ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টা থেকে টানা ভোটগ্রহণ চলছে। এজন্য কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্ট সকলেই উপস্থিত রয়েছেন। তবে যাদের জন্য তাদের প্রস্তুতি সেই ভোটারের দেখা মিলছে ক্ষণে ক্ষণে।
গুলশান-২ মডেল হাই স্কুল ভোটকেন্দ্রে কয়েকটি ভোট কক্ষ ঘুরে ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে ভোটারদের উপস্থিতি খুবই সামান্য। সকাল ১০টা পর্যন্ত ৬৩ নম্বর কেন্দ্রে দুই হাজার ৫৮৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২৪ জন।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাবুল চন্দ্র সাহা দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আমরা প্রস্তুত আছি। কিন্তু ভোটার না এলে আমরা কী করব। সকাল ১০টা পর্যন্ত মাত্র ২৪ জন ভোট দিয়েছেন।’
পাশেই ৬৬ নম্বর কেন্দ্র, সেখানে শুধু মহিলা ভোটার। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১২৯ জন। সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র পাঁচজন।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. লতিফ সরকার দৈনিক আমাদের সময়কে বলেন, মহিলা ভোটার সাধারণত একটু পরে এসে থাকেন। বাসার সবাইকে ম্যানেজ করে আসতে হয়, সেজন্য হয়তো কম ভোটার দেখা যাচ্ছে। বেলা বাড়লে ভোটার বাড়তে পারে।
গুলশান-২ এর ১১৪ নম্বর রোডের বাসিন্দা সরকারি সাবেক কর্মকর্তা মো. আব্দুস সামাদ সস্ত্রীক ভোট দিয়ে বের হওয়ার সময় ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমি ১৯৭০ সাল থেকে ভোট দিচ্ছি, কখনো ভোট প্রদানে বাধা পাইনি। ভোট দিতে আসতে হবে। ঘরে বসে বললে হবে না।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক ভোটারের উচিত নিজের ভোট প্রদান করা। ভোট দিতে না আসলে ভোটের পরিবেশ বুঝবে কেমন করে? কেউ বাধা দিলে তখন বলা যাবে যে ভোট দিতে দেয়নি। ভোট দিতে না এসে ঘরে বসে বলা অমূলক। ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব। আমি ও আমার স্ত্রী অসুস্থ তারপরও ভোট দিতে এসেছি।’সুত্র, আমাদের সময় ।

