বন্ধুর বোনকে রক্ত দিতে বের হয়ে কলেজছাত্র খুন

.

ফরিদপুরে প্রান্ত মিত্র (২৩) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রান্ত শহরের ওয়ারলেস পাড়ায় পিতা মাতার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম বিকাশ মিত্র। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের অর্নাস (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র।

প্রান্তের বাবা শহরের দীপ শিখা স্কুলে শিক্ষকতা করার সুবাদে দীর্ঘদিন ফরিদপুর শহরে বসবাস করছেন তারা। বিকাশ মিত্র এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ের বিয়ে হয়ে গেছে। প্রান্ত বাবা মায়ের সঙ্গে থাকতেন। প্রান্তর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাচুরিয়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে দুইটার দিকে বন্ধু হৃদয় তাকে ফোন দিয়ে বলে, তার বোনের সিজার অপারেশন করতে হবে, রক্ত লাগবে। রক্ত দিতে প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হয়। ভোর হতে চললেও প্রান্ত বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পরে যায় পরিবারের সদস্যরা। এরপর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আলীপুর ব্রিজের কাছে ছুটে আসে পরিবারের সদস্যরা।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম হোসেন জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করি। মরদেহ থানায় রাখা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। কারা হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.