এবার আইফোন ব্যবহার নিষিদ্ধ হল সরকারি কর্মকর্তাদের

মার্কিন গুপ্তচরবৃত্তির সন্দেহে এবার সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য আইফোন ও অ্যাপলের পণ্য ব্যবহার নিষিদ্ধ করলো রাশিয়া।

কারণ হিসেবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল মার্কিন সরকারকে গুপ্তচরবৃত্তিতে সহায়তা করছে বলে অভিযোগ করেছে রুশ গোয়েন্দা সংস্থার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানায়, গত সোমবার থেকে, রুশ বাণিজ্য মন্ত্রণালয় “কাজের উদ্দেশ্যে” আইফোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সরঞ্জাম সরবরাহের জন্য নিষেধাজ্ঞার অধীনে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা রোস্টেকও এই বিষয়ে কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রদান করেছে। মূলত রাশিয়ান মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানগুলোতে অ্যাপল ডিভাইসের উপর নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন গুপ্তচরবৃত্তির কার্যকলাপ নিয়ে উদ্বেগের প্রমাণ।

রাশিয়ার একটি সরকারি সংস্থার ঘনিষ্ঠ এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, যে নিরাপত্তা কর্মকর্তারাসহ এফএসবি কর্মচারীরা এবং উপমন্ত্রীদের মতো বেসামরিক পদে অধিষ্ঠিতরা আইফোনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বিকল্প পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

এদিকে রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা বিশেষজ্ঞ আন্দ্রে সোলদাটভ জানান, “কর্মকর্তারা সত্যই বিশ্বাস করেন যে মার্কিনিরা ওয়্যারট্যাপিংয়ের জন্য আইফোন ব্যবহার করতে পারে। পেশাদার যোগাযোগের জন্য আইফোন ব্যবহার করা নিয়ে এফএসবি উদ্বিগ্ন।“

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে অনুরূপ নিষেধাজ্ঞা শীঘ্রই রুশ অর্থ ও জ্বালানি মন্ত্রণালয় এবং অন্যান্য অফিসিয়াল সংস্থাগুলিতে প্রয়োগ করা হবে। তবে রোস্টেকের এক প্রতিনিধি ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন যে ব্যক্তিগত উদ্দেশ্যে অ্যাপল ডিভাইস ব্যবহার করা যাবে।

তবে আইফোন নিষিদ্ধ নিয়ে রাশিয়ার সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানানো হয় প্রতিবেদনে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.