ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে গোলাগুলিতে নিহত ৮

ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে মাদকচক্রের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার লাতিন আমেরিকা অঞ্চলের এ দেশটির উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ইকুয়েডরে মাদকের কারবার ঘিরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সাম্প্রতিককালে বেশ বেড়েছে।

এর আগে, গত সোমবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকুইলে এ ধরনের আরেকটি গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছিলেন। তারও আগে গত ৪ জুন একই শহরের একটি বাড়িতে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

 

বিশ্বে সবচেয়ে বেশি কোকেন উৎপাদন হয় কলম্বিয়া ও পেরুতে। তার মাঝামাঝি স্থানে অবস্থিত ইকুয়েডর। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ১০০ টন মাদক জব্দ করা হয়েছে।

২০২২ সালে দেশটিতে সবমিলিয়ে ২০০ টনের বেশি মাদক জব্দ করা হয়। এর আগে, ২০২১ সালে ইকুয়েডরে রেকর্ড ২১০ টন মাদক জব্দ করা হয়েছিল।

ইকুয়েডরে এমন সহিংসতা বৃদ্ধির কারণ প্রতিদ্বন্দ্বী কোকেন পাচারকারী গ্যাং এর সঙ্গে দ্বন্দ্ব এবং সরবরাহ রুট নিয়ে লড়াই। তাদের সহিংসতা কখনও কখনও ভয়ানক রূপ নেয়। বিশেষ করে মানুষের শিরশ্ছেদ করা বা আগুন দেওয়ার মত ঘটনাও ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে এই দ্বন্দ্বে রাস্তায় এবং কারাগারে শত শত মানুষ মারা গেছে।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.