অসুস্থ আ স ম রবের সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন মির্জা ফখরুল

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

 

চলমান আন্দোলনকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হাসপাতালে কিছু সময় আ স ম আব্দুর রবের পাশে অবস্থান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য শায়রুল কবির খান।

পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‌‌‘আ স ম আব্দুর রবকে দেখতে এসেছিলাম। তিনি দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। এদেশের স্বাধীনতা যুদ্ধে আসম আব্দুর রব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করতে কাজ করেছিলেন। তিনি এখনো এই বয়সে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, কাজ করে যাচ্ছেন। ’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন গণতন্ত্র মঞ্চের অন্যতম সদস্য তার দল। আমরা তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছি। সেই আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি।’

 

ফখরুল বলেন, ‘আশা করি, দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন, তার যে নেতৃত্ব তা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। মানুষকে মুক্ত হতে সহায়তা করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আ স ম আব্দুর রব অসুস্থ হলেও আন্দোলনে কোনো ব্যাঘাত ঘটবে না। ওনার দল রয়েছে, তাদের সঙ্গে উনি কথা বলছেন, সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

‘আমরা এই আন্দোলনকে মনে করছি মুক্তির আন্দোলন। আমরা আশাবাদী ১৯৭১ সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ঠিক একইভাবে গণতন্ত্রের সংগ্রামে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারবেন’, যোগ করেন মির্জা ফখরুল

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.