আগুনের নাশকতায় বিএনপি জড়িত: কাদের

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

 

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল আগুনের কথা বলেন। এ আগুন সন্ত্রাস এ দেশে তারাই সৃষ্টি করেছে। এখন দেশে আগুন নিয়ে যে নাশকতা করছে তার সঙ্গে বিএনপি জড়িত। বিএনপির অতীত ইতিহাস, নাশকতার ইতিহাস।’

আজ শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে সিদ্ধান্ত স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবাদুল কাদের বলেন, ‘যারা এ দেশে আগুন সন্ত্রাস করে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে সবার কাছে পরিচিত। সেই বিএনপি এখন আগুনের কথা বলে তখন আমাদের কাছে মনে হয়, ‘‘ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি’’।’

তিনি বলেন, ‘রমজানের দিনে ৩৬৫টি কর্মসূচি দিয়ে বিভিন্ন রাস্তা বন্ধ ও অবরোধ করে মানুষকে কষ্ট দেওয়া বিএনপির রাজনীতি, গণবিরোধী রাজনীতি।’

সরকারের পদত্যাগ করে বিএনপির সঙ্গে সংলাপে বসা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার যদি পদত্যাগ করে তাহলে সংলাপ করবে কে? এ প্রশ্নের উত্তর মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চাই। এ উদ্ভট, আবোল-তাবোল কথা বলছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসে না। ভাটার টান এসে গেছে।’

বিভিন্ন দলের সঙ্গে বিএনপির জোটগঠনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘৫২ দল শুনেছি, এখন পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও বিএনপির শরিকদের খুঁজে পাওয়া যাবে না। কোথায় ২৭ দফা? রাষ্ট্র নাকি মেরামত করবে? এই রাষ্ট্র মেরামত করেছেন শেখ হাসিনা। রাষ্ট্র যারা ধ্বংস করে তারা মেরামত করতে পারে না।’

তিনি বলেন, ‘কত নালিশ, কূটনীতিকদের পাড়ায় পাড়ায় বিএনপি নেতাদের পদচারণা। জাতিসংঘের কাছে এমনকি নালিশ দেবে! জাতিসংঘের এটা কাজ নয়, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। এর আগে মির্জা ফখরুল জাতিসংঘের দুয়ারে ঘুরেছে। জাতিসংঘ মহাসচিবকে পাননি, কর্মকর্তাদের সঙ্গে কথা বলে খালি হাতে ফিরেছেন। যাদের কাছে নালিশ করবে তাদের হাতে সালিশ করার ক্ষমতা নেই। লজ্জা-শরম থাকলে আন্দোলনের কথা মুখে বলবেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন করার জন্য আইন করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে শেখ হাসিনার সরকার। নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।’

দারুসসালাম থানা আওয়ামী লীগ আয়োজিত ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতারা। পরে সুবিধাভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন ওবায়দুল কাদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.