উগান্ডায় টিন চুরির অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

টিন চুরির অভিযোগে উগান্ডার মন্ত্রী মেরি কিতুতু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। কারামোজা অঞ্চলের জন্য বরাদ্দ হয়েছিল ওই টিন। এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মেরি কিতুতু। কিন্তু কারামোজা অঞ্চলের বিপন্ন মানুষদের জন্য বরাদ্দ করা টিন বিতরণে অসামঞ্জস্যতা পাওয়া যায়। পার্লামেন্টারি সিলেক্ট কমিটি অভিযোগ তদন্ত করে চুরির পক্ষে তথ্যপ্রমাণ পায়। তাদের নির্দেশনায় পুলিশ ওই মন্ত্রীকে গ্রেপ্তার করে। এ খবর দিয়ে অনলাইন আনাদোলু বলছে, এ অপরাধের বিষয়ে ওই মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। শপথ গ্রহণের অধীনে এ তথ্য দিতে তিনি বাধ্য। ফলে কমিটি তার বিরুদ্ধে গ্রেপ্তারের সুপারিশ করে।
পুলিশ বলেছে, মন্ত্রী তথ্যপ্রমাণ দিতে অস্বীকৃতি জানান।

এমনকি বেশ কয়েকবার টিন বিষয়ে তার বক্তব্য জানার জন্য সমন পাঠানো হয়। তিনি তা গ্রাহ্য করেননি। 

পুলিশ বলেছে গ্রেপ্তার করা মন্ত্রীর কাছ থেকে এসব টিন গ্রহণ করেছেন এমন অন্য মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এ বছর ১২ই জানুয়ারি অভ্যন্তরীণ এক মেমো অনুযায়ী, মন্ত্রী মেরি কিতুতু প্রধানমন্ত্রীর অর্থনীতি ও প্রশাসন বিষয়ক আন্ডারসেক্রেটারি জিওফ্রে সেরেম্বার কাছে বার বার পত্র লেখেন। তাতে তার এলাকার অসহায় গরীবদের মধ্যে বিতরণের জন্য ১২,২০০ শিট টিন দাবি করেন। এই আবেদনের প্রেক্ষিতে তাকে টিন দেয়া হয়। কিন্তু সেই টিন কারামোজার জনগণের মধ্যে কখনো বিতরণ করা হয়নি।

পুলিশি তথ্যমতে, মন্ত্রী টিনগুলো কারামোজা নেয়ার পরিবর্তে তা কয়েকজন মন্ত্রী এবং সরকারের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে বিতরণ করেছেন। বাকিটা নিয়েছেন নিজের গ্রামের বাড়িতে। এ বিষয়টি জানেন এমন হুইসেলব্লোয়াররা পুলিশকে খবরটি জানান যে, মন্ত্রীর আত্মীয়রা ওই টিন বিক্রি করেছেন। ওর ওপর লেখা আছে ‘ফর কারামোজা, নট ফর সেল’। অর্থাৎ কারামোজার জনগণের জন্য। বিক্রির জন্য নয়। টিন বিক্রিকালে মন্ত্রীর মা এবং দুই ভাইকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, কারামোজা হলো উগান্ডার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি দরিদ্র এলাকা। এ জন্য তাদের মাঝে বিতরণ করার জন্য সরকার ওই টিনগুলো বরাদ্দ দিয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.